Web Analytics
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রকাশ্য সামরিক সহায়তার প্রতিশ্রুতির আগেই সৌদি আরবে সেনা, রাফাল যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল মিসর। মিডল ইস্ট আইকে দেওয়া মিসরীয় সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ নেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইরানের সঙ্গে উত্তেজনার সময়ে সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয় এবং তা এখন আরও জোরদার করা হচ্ছে।

এক মিসরীয় সামরিক কর্মকর্তা জানান, সৌদি আরবে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহন বিমান পাঠানো হয়েছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি মিসরের নৌযান অবস্থান নিয়েছে। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-অ্যামুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও পুনর্বিন্যাস করা হয়েছে।

১৭ অক্টোবর সিসি প্রয়োজনে সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। ২৬ অক্টোবর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি অনুমোদিত হয়। তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নেওয়া নিয়ে সামরিক নেতৃত্বে মতবিরোধ রয়েছে। সূত্রগুলো বলেছে, আপাতত স্থলযুদ্ধের পরিকল্পনা নেই; প্রয়োজন হলে পরে বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে স্থলসেনা অংশ নিতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।