বাংলাদেশ সরকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ১৫ মার্চ ২০২৬, রোববার জাতীয় সংসদে এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বে জমা দেওয়া আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।
মন্ত্রী আরও জানান, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। তিনি স্পষ্ট করেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই নিয়োগ পাবেন। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনতে একটি কমিটি গঠন করা হয়েছে।
আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার এগুলোর মানোন্নয়নে বদ্ধপরিকর।