নীলফামারীর জলঢাকা উপজেলার হাজীপাড়া গ্রামের অর্ধশতাধিক যুবক শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের উঠান বৈঠকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াত নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।
ফয়সাল মুরাদ বলেন, যারা আজ জামায়াতে যোগ দিয়েছেন তারা আগামী দিনের সম্পদ এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যোগদানকারী যুবকরা জানান, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ও দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তারা ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকের হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, শহিদুর রহমান, মাসুম মাওলা, মাওলানা রবিউল ইসলাম, ইমরান আলী, লিটনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।