মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা ও সরকারের দলীয় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রতিটি কার্যক্রমের তথ্য-উপাত্ত সংরক্ষণের ওপর গুরুত্ব দেন, যাতে জনগণের সামনে বাস্তব অগ্রগতি উপস্থাপন করা যায়।
তিনি আরও বলেন, শুধু ওয়েবসাইটভিত্তিক তথ্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান ও জনবান্ধব তথ্যপ্রকাশ নিশ্চিত করতে হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এই কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছে যাবে।