সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলা প্রশাসন, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। সুন্দরবনের বিভিন্ন খাল ও দুর্গম এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং দস্যুদের সম্ভাব্য আস্তানায় অভিযান জোরদার করা হয়েছে।
সম্প্রতি বনজীবী অপহরণ ও এক বনজীবী দস্যুদের গুলিতে আহত হওয়ার ঘটনার পর এই অভিযান শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবন থেকে দস্যুদের সম্পূর্ণ নির্মূল করাই এ অভিযানের মূল লক্ষ্য। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন জানিয়েছেন, বনদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নিরাপত্তা জোরদার করা হবে।
স্থানীয় বনজীবী ও বাসিন্দারা অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং দস্যুমুক্ত সুন্দরবন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।