মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মানুষের চাহিদা মেটাতে মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। রোববার রাজধানীর একটি হোটেলে ফিশটেক বিডি লিমিটেড আয়োজিত ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই, কিন্তু মানসম্মত খাদ্য উৎপাদন বড় চ্যালেঞ্জ। কৃষিভিত্তিক পণ্য রপ্তানির মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে হলে মানসম্পন্ন কৃষিপণ্যের বিকল্প নেই। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, এই জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল হলে জাতীয় অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে।
অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিননির্ভরতা কমিয়ে প্রাকৃতিক উপায়ে সমস্যা সমাধানে গবেষণার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, মাটি, পানি ও চালে হেভি মেটালের উপস্থিতি নিয়ে সরকার গবেষণা শুরু করেছে। মাটি, ভূগর্ভস্থ পানি, সার বা পেস্টিসাইড থেকে এসব উপাদান আসছে কি না, তা চিহ্নিত করা হবে। সেচে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নদীর মিঠাপানি ব্যবহারের বিষয়েও ভাবতে বলেন তিনি।