যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক আগামী রোববার সুইজারল্যান্ডের জেনেভায় সই হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এই স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন। দুই পক্ষই শনিবারের মধ্যে স্মারকের বিষয়বস্তু চূড়ান্ত করার চেষ্টা করছে এবং আলোচনাও চলছে।
রয়টার্সের বরাতে জানা গেছে, ইরান এই চুক্তির আওতায় লেবাননে ইসরাইলি হামলা বন্ধের ওপর গুরুত্ব দিচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। স্মারক সইয়ের পর যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, তা নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।
একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নজরদারি জোরদারে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করতে চান, যা সম্ভাব্য চুক্তির পর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।