বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক শাখাকে ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করে ব্যবহারযোগ্য নোট সরবরাহের কঠোর নির্দেশ দিয়েছে। রোববার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এ সেবায় অনীহা দেখায়, তবে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পূর্বের নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ত্রুটিপূর্ণ নোটের আধিক্য দেখা যাচ্ছে। এ অবস্থায় ব্যাংকগুলোকে বিশেষ কাউন্টার স্থাপন করে বিভিন্ন মূল্যমানের ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোট—বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট—নিয়মিতভাবে গ্রহণ করে বিনিময়যোগ্য নোট প্রদানের ব্যবস্থা করতে হবে।
এই পদক্ষেপের মাধ্যমে বাজারে প্রচলিত নোটের মান বজায় রাখা এবং জনগণের জন্য পরিষ্কার ও ব্যবহারযোগ্য নোটের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।