বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ গবেষণাকে গবেষণাপত্র প্রকাশ ও আন্তর্জাতিক সাময়িকীতে সাইটেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৫৮টি স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী সম্মেলনে অংশ নিয়েছে। তারা শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করছে। টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি ভেন্যুতে এসব উপস্থাপনা হয়। ইউজিসি চেয়ারম্যান বলেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাও চারপাশের সমস্যা নিয়ে গবেষণা করতে পারে।
গত পাঁচ দশকে গবেষণায় বিপুল অর্থায়ন ও প্রকাশনা হলেও দৈনন্দিন জীবনের অনেক সমস্যা রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। সুনির্দিষ্ট সমস্যা সমাধানের প্রকল্প প্রস্তাব এলে ইউজিসি অর্থায়নের বিষয়টি বিবেচনা করবে এবং গবেষণার ফল বাস্তবে কাজে লাগছে কি না তা গুরুত্ব দিয়ে দেখবে। তিনি যানজট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও লবণাক্ততা সমাধানে ভবিষ্যৎ বিজ্ঞানীদের এগিয়ে আসার কথা বলেন।