বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসি গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করে যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এ সুযোগ পাবে না। প্রয়োজনীয় যোগ্যতা ও সক্ষমতাসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পিএইচডি প্রদানের অনুমতি দেওয়া হবে। পিএইচডি অর্জনে অনিয়মের অভিযোগ এড়াতে গবেষণার মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ইউজিসি মানসম্মত গবেষণার মাধ্যমে মানসম্মত পিএইচডি চায়।
যোগ্য শিক্ষক ও গবেষকের সংকট কাটাতে পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও একাডেমিক প্রশাসনকে নিজ নিজ দায়িত্বের সীমারেখা মেনে চলতে হবে এবং ট্রাস্টি বোর্ড একাডেমিক প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবে না। ইউজিসিকে বর্তমানে ট্রাস্টি বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বোর্ড ও একাডেমিক প্রশাসনের বিরোধও সামলাতে হচ্ছে।