জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে আরও ছয়জন নেতাকে যুক্ত করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সদস্য যুক্ত হওয়ায় পর্ষদটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই ছয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর আগে ড. আতিক মুজাহিদ ও আব্দুল্লাহ আল আমিনকেও রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বর্তমান পর্ষদের অন্য দশ সদস্যের মধ্যে রয়েছেন আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ বিভিন্ন আঞ্চলিক ও সাংগঠনিক পদধারী নেতারা।