ইসলামিক ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাম ব্যবহার করে ভুয়া শিক্ষক নিয়োগপত্র প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের নামে প্রচারিত এসব নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়, প্রকল্পের শিক্ষক নিয়োগ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পর্যায়ে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে সম্পন্ন হয়। অন্য কোনো উপায়ে নিয়োগের সুযোগ নেই।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, এক শ্রেণির প্রতারক চক্র এসব ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। তাই সর্বসাধারণকে সতর্ক থাকার এবং প্রতারকদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।