মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মানবসম্পদ কাঠামোয় বড় পরিবর্তন আসতে যাচ্ছে, যা আগামী বছরের মার্চের আগেই দৃশ্যমান হতে পারে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএল বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক শুক্রবার ঢাকার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান। অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলমও উপস্থিত ছিলেন।
মেট্রোরেল পরিচালনায় জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার থেকে প্রেষণে কর্মকর্তা নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে। বিভিন্ন মেট্রোরেল দুর্ঘটনার পর সরকারি ও বেসরকারি পর্যায়ের পর্যালোচনা সভাগুলোতে কারিগরি দক্ষতাসম্পন্ন প্রকৌশলী নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পের অর্থায়নকারী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাও মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিচ্ছে।
জিয়াউল হক জানান, ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে জাইকার সহযোগিতায় আগামী ১ জুলাই একটি পূর্ণাঙ্গ প্রকল্প শুরু হবে। বিশ্বব্যাংকের অধীনে এমআরটি-২ প্রকল্পে কর্মরত কারিগরি জনবলকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে জটিলতার মধ্যে থাকা ডিএমটিসিএলের নিজস্ব সার্ভিস রুল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।