মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পরও ইরানসংশ্লিষ্ট চারটি কনটেইনার জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। শুক্রবার বিবিসি ট্র্যাকিং ডেটার বরাতে জানায়, তিনটি জাহাজ ইরানের পতাকাবাহী এবং একটি কোমোরোসে নিবন্ধিত। জাহাজগুলো ইরানের বিভিন্ন বন্দর থেকে যাত্রা করে ভারতের, পাকিস্তানের ও চীনের দিকে গিয়েছে বলে তথ্য বিশ্লেষণে দেখা গেছে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী আজারগাউন, আশকান৩, শাবদিস ও তাভা ৪ নামের জাহাজগুলো শাহিদ রাজি, চাবাহার ও ইমাম খোমেনি বন্দর থেকে ছেড়ে অবরোধরেখা অতিক্রম করেছে। তাদের অবস্থান ভারতের ও পাকিস্তানের উপকূলের কাছাকাছি দেখা গেছে এবং কিছু জাহাজ কান্দলা, করাচি ও জওহরলাল নেহরু বন্দরের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে কিছু জাহাজ প্রায়ই তাদের ট্র্যাকার বন্ধ করে দেয় বা ভুয়া অবস্থান দেখায়, যাকে ‘স্পুফিং’ বলা হয়, ফলে প্রকৃত অবস্থান নির্ধারণ কঠিন হয়ে পড়ে।