জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত তার জামিন আবেদনও নাকচ করে এবং উত্তরা পশ্চিম থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আবেদনে বলা হয়, অন্য আসামিদের সঙ্গে তিনি ঘটনাস্থলে সশরীরে উপস্থিত থেকে ঘটনা ঘটিয়েছেন বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অন্য জড়িতদের গ্রেপ্তার, তাদের পরিচয় সংগ্রহ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে জব্বার গুলিবিদ্ধ হন। তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ২০২৫ সালের ২৭ মার্চ মামলা করেন। গুলশান থানার মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে বুধবার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়।