বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) প্রধান কার্যালয়ে একটি পূর্ণাঙ্গ ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে এই ইউনিট গঠন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল লেনদেনের প্রসার ও গ্রহণযোগ্যতা বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তুলছে। বর্তমানে বাংলা কিউআর, ইন্টারনেট ব্যাংকিং ও পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে লেনদেন বাড়ছে। এই কার্যক্রমকে আরও সমন্বিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট ইউনিট থাকা প্রয়োজন। খুচরা ব্যবসায়ী ও মার্চেন্টদের লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন বাংলা কিউআর লেনদেন অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যাংকের ক্ষেত্রে একজন উপব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা ইউনিটের দায়িত্বে থাকবেন, আর এমএফএস, পিএসপি ও পিএসওর ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের এক ধাপ নিচের কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠানগুলোকে ইউনিট গঠনের তথ্য ৩১ মার্চের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে এবং প্রতি বছর মার্চের শেষ কার্যদিবসে বার্ষিক প্রতিবেদন দাখিল করতে হবে।