ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক হওয়ার পর প্রায় ৩৩ মাস কারাভোগ শেষে এক নারীসহ তিন বাংলাদেশি শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং মানিকগঞ্জের শারমিন আক্তার।
বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ সূত্র জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। পরে ভারতের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রায় ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
শুক্রবার বিকেলে সীমান্তে হস্তান্তরের পর সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তিনজনকে ভূরুঙ্গামারী থানায় নিয়ে যান। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনজনকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।