রাশিয়া সতর্ক করেছে যে, ন্যাটোভুক্ত কোনো দেশ তাদের ভূখণ্ডে হামলা চালালে এর জবাব হবে ‘চূড়ান্ত ও বিধ্বংসী’। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, জাখারোভা বলেন, কোনো পশ্চিমা সামরিক নেতৃত্ব বা বাহিনী রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, পশ্চিমা নেতাদের বোঝা উচিত যে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড ইউরোপকে বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে। এই মন্তব্য আসে ইউক্রেনের পক্ষ থেকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মস্কোতে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলার পর। ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে।
ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।