স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোশাকশিল্পকেন্দ্রিক সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। বুধবার বাংলাদেশ সচিবালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি নেই, কিন্তু একটি মহল শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, সাধারণ শ্রমিকরা এ বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে জড়িত নন; শ্রমিক আন্দোলনের নামে বহিরাগত ও অশ্রমিকরা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে। তিনি কয়েকজন সাবেক গার্মেন্টস মালিক, সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকার অভিযোগও করেন।
তিনি জানান, মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং এর প্রথম সভাও হয়েছে। মূল্যস্ফীতি, অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করছে। শ্রমিকদের গুজব ও উসকানিতে কান না দিয়ে কর্মস্থলে ফেরার আহ্বান জানান তিনি।