কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের ফার্মে এই অভিযান চলে। জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনের ভেতরে গড়ে ওঠা কারখানাটির সন্ধান পাওয়া যায়। অভিযানে ‘নেভি, ডার্বি ও রয়েল’ ব্র্যান্ডের নকল সিগারেটের পাশাপাশি উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোডাউনের মালিক হাবিব মাস্টার দাবি করেন, তিনি মাসে ৪০ হাজার টাকায় শাকিল ও লিওন হোসেন নামে দুই ব্যক্তির কাছে স্থানটি ভাড়া দিয়েছিলেন এবং নকল সিগারেট তৈরির কথা জানতেন না। গত ৯ মে একই কারখানায় র্যাব ও কাস্টমসের অভিযানে পাঁচটি মেশিন ও প্রায় এক লাখ শলাকা সিগারেট জব্দের পর সেটি সিলগালা করা হয়েছিল। জব্দ মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।