বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
রোববার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে সংগঠনটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। আগের দিন শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। রুপার দাম অপরিবর্তিত আছে; ২২ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৩৯১ টাকা।