বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল বিদেশি টাকিলা মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমীর আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁওয়ের আর্ব এন্টারটেইনমেন্ট অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। তখন তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়, যা পরে মাদকদ্রব্য অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডির সাইবার তদন্ত শাখা মামলাটি দায়ের করে এবং একই বছরের ১৩ অক্টোবর চার্জশিট দাখিল করে।
২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করে। বিচার চলাকালে তিনজন সাক্ষী সাক্ষ্য দেন। আজকের রায়ের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ার মামলাটির নিষ্পত্তি হতে যাচ্ছে।