সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীর পানি কমতে শুরু করায় পূর্ব তীরে ভাঙন দেখা দিয়েছে। বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে এ ভাঙন সৃষ্টি হয়ে ২০১৬ সালে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ১০৭ কোটি টাকার তীররক্ষা বাঁধটি এখন হুমকির মুখে পড়েছে। নদীর তীর ও উপজেলা সদর রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ শতাধিক বসতি ও ফসলি জমি, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও হাট-বাজার এখন ঝুঁকিতে রয়েছে। দুর্বল যোগাযোগব্যবস্থা ও বারবার নদীভাঙনের কারণে চৌহালী উপজেলা সদর কার্যত জেলা সদর থেকে বিচ্ছিন্ন। স্থানীয়দের অভিযোগ, যমুনায় অবাধ বাল্কহেড চলাচলই ভাঙনের মূল কারণ।
এদিকে স্থানীয়দের প্রতিবাদের পর প্রশাসন বাল্কহেড চলাচল বন্ধ করেছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু বাল্কহেড নাব্যতা সংকটে আটকে থাকলেও নতুন করে আর কোনো বাল্কহেড চলবে না।