বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ে, যার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ ব্যবহারকারী সেবা পেতে সমস্যার কথা জানান। বার্তা সংস্থা এএফপি জানায়, ইউটিউব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছে যে তারা সমস্যাটি সম্পর্কে অবগত এবং সংশ্লিষ্ট দল এটি সমাধানে কাজ করছে।
প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডস সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ জানায়, হোমপেজ পুনরায় চালু হয়েছে, তবে সম্পূর্ণ সমাধানের কাজ এখনো চলছে। সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, তিন লাখেরও বেশি অভিযোগ পাওয়া গেছে এবং গ্রিনিচ মান সময় রাত ১টার দিকে পরিস্থিতির উন্নতি শুরু হয়।
গুগলের মালিকানাধীন ইউটিউব প্রতি মাসে আড়াই বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারীকে সেবা দেয়, যা এই বিভ্রাটকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রযুক্তিগত সমস্যায় পরিণত করেছে।