মাদারীপুর জেলা এনসিপির সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কে ১৮ নভেম্বর রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে এনসিপির দাবি। শনিবার সন্ধ্যায় জেলা এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানাসহ অভিযুক্তদের বিচার এবং দ্রুত মামলা নেওয়ার দাবি জানায় দলটি।
লিখিত অভিযোগে এনসিপি জানায়, সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তাপু চৌধুরী, শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন রোমানের ওপর অতর্কিত হামলা চালান। অভিযোগ অনুযায়ী, তাপু চৌধুরী পিস্তল দিয়ে রোমানকে লক্ষ্য করে গুলি করেন, তবে সরে যাওয়ায় গুলি তার শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
রোমান ২১ নভেম্বর শিবচর থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেন। এনসিপি নেতারা তদন্ত, জড়িতদের শনাক্ত, অস্ত্র উদ্ধার ও দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানান। সোহেল রানার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।