নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সাধারণ বিতর্কে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবার ইরান, গাজা, ইউক্রেন, সুদান, কঙ্গো ও মিয়ানমারের সংঘাত বিশেষ গুরুত্ব পাবে। যুদ্ধজনিত জ্বালানি ও পণ্য সরবরাহ বিঘ্ন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনও আলোচনায় থাকবে। এআইয়ের দ্রুত অগ্রগতির বিপরীতে কার্যকর বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা সীমিত থাকায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে; নিরাপত্তা পরিষদ বুধবার এআই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবে।
জাতিসংঘের কার্যকারিতা, নিরাপত্তা পরিষদ সংস্কার এবং অর্থসংকটও আলোচ্যসূচিতে রয়েছে। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জলবায়ু সম্মেলন হবে। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ও ইমানুয়েল ম্যাক্রোঁ, বুধবার ভলোদিমির জেলেনস্কি ও মাসউদ পেজেশকিয়ান এবং বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।