বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেছেন, সরকারের কথিত রাজনৈতিক দ্বিচারিতার কারণে গোপালগঞ্জসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, গণভোটের রায় উপেক্ষা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংসদ নির্বাচনে নির্বাচনী সমঝোতার অভিযোগ দেশে অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
চান বলেন, সরকার একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে, অন্যদিকে দলটির সঙ্গে নির্বাচনী সমঝোতার অভিযোগ জনমনে গুরুতর প্রশ্ন তুলেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকারের বিপরীত অবস্থান নেওয়া সরকারের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে এবং রাজনৈতিক অনাস্থা বাড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই; প্রশাসনের ভূমিকা, সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও ঘোষিত নীতির বাস্তবায়ন নিরপেক্ষভাবে পর্যালোচনা প্রয়োজন। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আগের রাতে অগ্নিসংযোগের ঘটনার কথাও উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ও নিরপেক্ষ পদক্ষেপ, গণভোটের রায়ের প্রতি সম্মান এবং নির্বাচনী সমঝোতার অভিযোগের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।