বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ কারখানার পরিবর্তে লেস ফুয়েল ইন্টেন্সিভ কারখানা স্থাপনে মনোযোগী হওয়া উচিত।
মন্ত্রী জানান, দেশে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে শিল্পকারখানায় সরবরাহ করা হয়, ফলে জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয়। রপ্তানির বৈশ্বিক মন্দাভাবই এর একটি বড় কারণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিটিএমসির দুটি শিল্প প্লটে ইতিমধ্যে কারখানা স্থাপন হয়েছে, আরও দুটি একই প্রতিষ্ঠান নিচ্ছে, আর বাকি প্লটগুলোতে স্থানীয় দখল সমস্যা দ্রুত সমাধান করে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসানসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।