এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি তুরস্কের সঙ্গে ১৬০ কোটি মার্কিন ডলারের জলবায়ু অর্থায়ন চুক্তি করেছে। মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এআইআইবি বলেছে, এটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ুনীতিভিত্তিক অর্থায়ন প্যাকেজ। এর লক্ষ্য নির্গমন বাণিজ্য ব্যবস্থা চালু, বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু মোকাবিলায় তুরস্কের জাতীয় সক্ষমতা বাড়ানো।
গত ২২ অক্টোবর এআইআইবির পরিচালনা পর্ষদ এই প্যাকেজ অনুমোদন করে। চুক্তিটি তুরস্কের জলবায়ু আইন বাস্তবায়ন এবং দ্বিতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। তুরস্ক ২০৫৩ সালের মধ্যে নিট কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে এবং ২০৩৫ সালের জন্য মধ্যবর্তী লক্ষ্যও স্থির করেছে। এআইআইবির কর্মকর্তা কনস্টান্টিন লিমিভস্কি তুরস্কের রূপান্তরমূলক জলবায়ু সংস্কারে সহায়তার কথা বলেন।
প্যাকেজটি সমান দুটি অংশে ভাগ করা হয়েছে। একটি অংশ টার্কি ক্লাইমেট অ্যাকশন অ্যাক্সিলারেশন প্রোগ্রামের নীতিভিত্তিক ঋণ, অন্যটি খাদ্যনিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতার কার্যক্রমে ব্যয় হবে। তুরস্কের ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় বাস্তবায়নে নেতৃত্ব দেবে। পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কারিগরি ও খাতভিত্তিক কাজে যুক্ত থাকবে। দেশের ৮১টি প্রদেশে স্থানীয় জলবায়ু শাসনব্যবস্থার আওতায় কার্যক্রম চলবে।