ইরানে হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা দেওয়ার বদলে ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। গত সপ্তাহান্তে বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক মানামা সংলাপ নিরাপত্তা সম্মেলনে এই উদ্বেগই আলোচনায় প্রাধান্য পায়।
সর্বশেষ সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ওয়াশিংটনের কয়েক দশকের আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সামনে আসে। সূত্রের ভাষ্য অনুযায়ী, ইরানকে হামলা থেকে বিরত রাখার বদলে অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক উপস্থিতি দেশটির জন্য নির্দিষ্ট লক্ষ্যবস্তু তৈরি করেছে।
রয়টার্স চারজন নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, স্বল্প নোটিশে ইরানে হামলা চালানোর মতো পর্যাপ্ত সেনা ও সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে জড়ো করেছে। তাদের আশঙ্কা, চলতি সপ্তাহেই হামলা হতে পারে। উপসাগরীয় নেতাদের ঘনিষ্ঠ আরেক ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধ আসন্ন হলেও এ অঞ্চলের কোনো দেশই তা চায় না।