চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আট কবর শহীদ মিনারে ২৬ মার্চ ২০২৬ তারিখে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় স্থানীয় নাটুদাহ ইউনিয়ন বিএনপি সভাপতি সামসুল আলম খান ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী নাটুদাহ ইউনিয়ন আমির সামশুজ্জোহার ওপর হামলা ও হুমকির অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও হুমকির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হলে সংসদ সদস্য রুহুল আমিন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।