পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, সরকার রমজান মাসে ঈদের আগেই পাইলট আকারে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করবে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এটি নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত একটি উদ্যোগ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সার্বজনীন হবে এবং এতে কোনো সীমাবদ্ধতা থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ধাপে ধাপে কার্ড বিতরণের পরিকল্পনা করবে। প্রথমে হতদরিদ্র, পরে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধা দেওয়া হতে পারে।
সিপিবি’র মন্তব্যে যে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে— এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটি ঈদের আগেই শুরু হবে এবং এর কার্যক্রম চালুর প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।