রংপুরের তারাগঞ্জ উপজেলায় নয় বছর বয়সী সানজিদা খাতুনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য জানান। গত ১৯ জুন বিকেলে আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরআনিপাড়া এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সানজিদা। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পাটক্ষেতের পাশে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভীমপুর কোরআনিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মুজাহিদ ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আলামতের ভিত্তিতে পুলিশ জানায়, শিশুটিকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।