ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাইজের নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত তীব্র হয়েছে। পাহাড়ি উঁচু স্থান ও সামরিক অবস্থান নিয়ন্ত্রণের লক্ষ্যেই লড়াই চলছে। হুথিরা এখন তাইজ শহরের ওপর থেকে নজর রাখা জাবল সাবির পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, এলাকার উঁচু স্থান যার নিয়ন্ত্রণে থাকবে, সে পক্ষ চারপাশের ভূখণ্ড, লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং তাইজ শহর পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের সুযোগ পাবে। প্রতিবেদনে বলা হয়েছে, জাবল সাবির হুথিদের দখলে গেলে তাইজ শহর পুরোপুরি তাদের হাতে চলে যেতে পারে।
হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনী সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছে। হুথিরা সম্প্রতি তাইজের দক্ষিণের আল-মিসরাখ ও আল-তোরবাহ এলাকায় কয়েকটি অবস্থান দখল করেছে, যেগুলো শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ। ইয়েমেন সরকার ওই অবস্থানগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটের জোরদার বিমান হামলার আহ্বান জানিয়েছে এবং অতিরিক্ত সেনা পাঠিয়েছে। হুথিরা সানা ও দেশের বড় অংশ নিয়ন্ত্রণ করলেও সরকারি বাহিনী কূটনৈতিক ও জাতিসংঘের স্বীকৃতি ধরে রেখেছে।