প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও অবকাঠামোগত উদ্যোগের ফলে ঢাকায় যানবাহনের গড় গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন। রাজধানীজুড়ে মানুষের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময় রাজধানীর সড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো। সে সময় বিভিন্ন পত্রপত্রিকায় যানজটের কারণে ঢাকায় যানবাহনের গতি মাত্র ৪ কিলোমিটার ছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সরকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করেছে এবং পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
যানজট স্থায়ীভাবে নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণের অগ্রগতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রায়েরবাজার সুইচগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের ৫ কিলোমিটার সড়কের কাজ ৫২ শতাংশ এগিয়েছে এবং ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। বাকি ৭ কিলোমিটারের নকশা যাচাইয়ে বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে; ২০৩০ সালের জুনের মধ্যে নির্মাণ শেষের সময়সীমা প্রস্তাব করা হয়েছে।