মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে প্রত্যেকে যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানার মুখোমুখি হতে পারেন। টাইসেন প্রোপারের বিরুদ্ধে হোয়াইট হাউস প্রাঙ্গণে সহিংসতার ষড়যন্ত্রের অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।
প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনে আঘাত হানার এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করেছিল। আতঙ্কে ছুটতে থাকা জনতাকে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়ার পর দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর পরিকল্পনাও ছিল। আদালতের নথিতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও উদ্যোক্তা ইলন মাস্কের নাম রয়েছে, যদিও সবাই ইভেন্টে উপস্থিত ছিলেন না।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিকল্পিত হামলাটি সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে।