রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে ‘ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন ছিল না।
অভিযোগে বলা হয়, জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের ফলে আশপাশে কালো ধোঁয়া, দুর্গন্ধ ও বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। স্থানীয়রা জানান, এর ফলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা বিশেষভাবে ভোগান্তিতে পড়েন। একাধিকবার অভিযোগ জানানো হলেও এতদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী জরিমানা আদায় করা হয়। অভিযানে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ মো. মলিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।