কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি করতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে আকাশ (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত আকাশ পৌরসভার ৫নং ওয়ার্ডের চারারবন এলাকার জুয়েল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে ধাওয়া খেয়ে পালানোর সময় তিনি ভবন থেকে নিচে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছু আগে কুলিয়ারচর মডেল মসজিদ থেকে এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে স্থানীয়রা আকাশকে ধাওয়া করে। পরে তিনি জামান টাওয়ারে ওঠেন। ভবনের ভেতরে তাকে দেখে আবার ধাওয়া করলে তিনি নিচে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।