জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, আফরোজা আব্বাস দুই বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন।
এ নিয়োগটি অবৈতনিক হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তিনি এ পদে কোনো আর্থিক সুবিধা পাবেন না।