ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক রেস কোর্স মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০০ পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীন ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস মসজিদের জমিকে সরকারি সম্পত্তি দাবি করে অননুমোদিত নির্মাণ বা দখলকে আইনত অপরাধ ঘোষণা করে নোটিশ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের সামনে কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়। বাসিন্দারা জানান, মসজিদের আশপাশের জরুরি পরিষেবা বন্ধ করে উচ্ছেদের নোটিশ টাঙানো হয়েছে। এনডিএমসি কর্মকর্তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে বিদ্যুৎ ও পানিসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তুঘলক রোড থানা পুলিশ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেছে, ১৫ থেকে ১৬ কিলোমিটার দূরের মুন্ডকায় বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। মসজিদের ইমাম জানান, ছয় দিনের নোটিশে জায়গা খালি করতে বলা হয়েছে এবং আইনি সহায়তার জন্য দিল্লি ওয়াকফ বোর্ডে আবেদন করেও তিনি সহায়তা পাননি। পানি-বিদ্যুৎহীন ও কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেও কয়েকজন মুসল্লি নামাজ আদায় করেছেন এবং পদক্ষেপটিকে ধর্মীয় অধিকারে আঘাত বলে ক্ষোভ প্রকাশ করেছেন।