ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, গুমের ঘটনায় সেনাবাহিনীর জড়িত সদস্যদের জবাবদিহি নিশ্চিত করতে সরকার দুর্বলতা দেখিয়েছে। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ থাকা সত্ত্বেও সরকার সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়েছে।
টিআইবি জানায়, গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১০ জন সেনা কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন। গুমে জড়িত কিছু সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিচার শুরু হলেও মূল হোতারা এখনো বিচারের বাইরে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধ ও জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনানিবাসের অভ্যন্তরে সাবজেলে রাখার বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আসন্ন জাতীয় নির্বাচনে অর্থ, পেশী ও ধর্মের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গুমে জড়িতদের পালাতে সহযোগিতা করা ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।