২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমিসহ বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ৬ লাখ দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিগ্রস্ত বনভূমি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজাপালং, পালংখালী, জালিয়াপালং, রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের বন বিভাগের জমিতে চারা লাগানো হয়েছে।
রোপণ করা প্রায় ৩০ প্রজাতির মধ্যে গর্জন, নিম, চাম্পা, চালতা, বহেরা, অর্জুন, জারুল, কদম, শিমুল, সোনালু, পলাশ, সেগুন, মেহগনি, বট ও শিশুসহ বিভিন্ন গাছ রয়েছে। গত রোববার উখিয়া রেঞ্জের থাইংখালী বিটে হেল্প প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সৃজিত ১৫০ হেক্টরের দেশীয় মিশ্র প্রজাতির দ্রুতবর্ধনশীল বাগান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনে প্রতিমন্ত্রী চারার বৃদ্ধি ও পরিচর্যা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং একটি নিম ও একটি চাপালিশের চারা রোপণ করেন। বন বিভাগ জানিয়েছে, চারাগুলোর আগাছা পরিষ্কার, প্রয়োজনীয় পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ ও পাহারার ব্যবস্থা রয়েছে। কর্মকর্তাদের মতে, কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং চারা টিকিয়ে রাখা গেলে আগামী কয়েক বছরে উখিয়ার পাহাড়ি এলাকায় সবুজ আচ্ছাদন বাড়বে, মাটিক্ষয় কমবে এবং পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল তৈরি হবে।