জাতীয় বিশ্ববিদ্যালয় পিবিআইয়ের ৩০ কর্মকর্তার জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ ফরেনসিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে রোববার সকালে ‘অ্যাপ্লিকেশন অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস: ফ্রম ক্রাইম সিন টু দ্য কোর্টরুম’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণটি ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমানুল্লাহ বলেন, মামলার তদন্তে ছোট আলামতও গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। তাই অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ, সংরক্ষণ, পরীক্ষাগারে পাঠানো, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও আদালতে উপস্থাপনের প্রতিটি ধাপে সতর্কতা এবং বৈজ্ঞানিক পদ্ধতি জরুরি। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ায় ফরেনসিক বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিকে তদন্তে কার্যকরভাবে যুক্ত করতে হবে।
প্রশিক্ষণের ২৪টি সেশনে অপরাধস্থল ব্যবস্থাপনা, আলামত সংগ্রহ ও প্যাকেজিং, চেইন অব কাস্টডি, ডিএনএ, প্যাথলজি, টক্সিকোলজি, ডিজিটাল প্রমাণ, বিশেষজ্ঞ সাক্ষ্য, মানবাধিকার ও তদন্তে এআই ব্যবহারের বিষয় আলোচনা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, পিবিআই, সিআইডি, বিভিন্ন সরকারি সংস্থা এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।