ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, লোহিত সাগরে ইতালি কোনো যুদ্ধে জড়িত নয়। তবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা মিশন ‘অ্যাসপিডিস’ আরও শক্তিশালী করার পক্ষে তিনি মত দিয়েছেন। ইতালির কোরিয়ের দেলা সেরা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সম্প্রতি ইতালীয় যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা এবং ইতালির সঙ্গে যুদ্ধে না থাকার বিষয়ে হুথিদের বক্তব্য প্রসঙ্গে এ কথা বলেন।
সম্প্রতি সৌদি আরবের তাইফ বিমানঘাঁটিতে হুথিদের হামলার খবর পাওয়া যায়। ওই হামলায় ঘাঁটির মাটিতে থাকা ইতালির একটি এফ-২০০০ বা ইউরোফাইটার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। লোহিত সাগর ও বাব আল-মান্দেব হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে সম্ভাব্য হুথি হামলা থেকে সুরক্ষা দিতে ইইউ অ্যাসপিডিস মিশন চালু করেছে।
লোহিত সাগরের পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় ইতালি অ্যাসপিডিস মিশনের পাশে থাকবে বলে জানান তাজানি। তিনি মিশনের মেয়াদ বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ইইউর প্রতি আহ্বান জানান। তাঁর মতে, ইতালির মোট বাণিজ্যিক সমুদ্র পরিবহনের প্রায় ৪০ শতাংশ এই জলপথ ব্যবহার করে এবং এশিয়ার বাজারে ইতালির রপ্তানি পণ্যের প্রায় ৬০ শতাংশও এ পথ দিয়ে যায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।