দেশে চলতি মৌসুমে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশ গত দুই মাসে ভারতের গুজরাট ও পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বলে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন নদী ও সাগরে ইলিশের পরিমাণ কমে বাজারে ঘাটতি দেখা দেওয়ায় মাছ ব্যবসায়ীরা গুজরাটের ভরুচ বন্দর এবং পশ্চিমবঙ্গের হাওড়ার পাইকারি বাজার থেকে মাছ এনেছেন।
প্রতিবেদন অনুযায়ী, আমদানি করা ইলিশ দেশের বাজারে বিক্রির পাশাপাশি কিছু প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠানো হচ্ছে। গুজরাট থেকে আনা ইলিশ শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, বাংলাদেশ সাধারণত ভারতে বিভিন্ন ধরনের মাছ রপ্তানি করলেও দেশের ঘাটতির কারণে এবার প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।
মকসুদ জানান, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ডিমওয়ালা ইলিশের চাহিদা তুলনামূলক বেশি। গুজরাটে এ ধরনের ইলিশ বেশি পাওয়া যাওয়ায় সেখান থেকেই আমদানি করা হচ্ছে এবং মাছের ডিমও আলাদাভাবে বিক্রি হচ্ছে। দীর্ঘদিনের বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানোর প্রচলিত বাণিজ্যচিত্রের বিপরীতে এবার ভারত থেকে আমদানি একটি ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।