বগুড়ার শেরপুরে মঙ্গলবার সকাল থেকে কয়েক ঘণ্টার টানা ভারি বৃষ্টিতে ঢাকা-বগুড়া মহাসড়কের শাহবন্দেগী ইউনিয়নের ধর্মকাম, হামছায়াপুর ও কাঁঠালতলা এলাকায় হাঁটু থেকে কোথাও কোমরসমান পানি জমে। এতে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাজারো যাত্রী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা দুর্ভোগে পড়েন।
পানি জমে সড়ক ও ড্রেনের সীমারেখা বোঝা কঠিন হয়ে পড়ে। বাস, ট্রাক, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করে। অনেক মোটরসাইকেল ও সিএনজি পানিতে বিকল হয়ে যানজট বাড়ায়। পৌর শহরের একাধিক সড়ক, উচরুং, কানাইকান্দর, ফুলতলা, আন্দিকুমড়া, নওদাড়া ও নামাপাড়ার বাড়িঘর এবং গ্রামীণ সড়কও জলমগ্ন হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়া, খাল-নালা ভরাট এবং কার্যকর নিষ্কাশন পরিকল্পনার অভাবে এ পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা ড্রেন ও খাল পরিষ্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ার দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে; দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।