সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে পল্লবী থানায় দায়ের করা হত্যা-চেষ্টার মামলায় গ্রেপ্তার রাকিবুল হাসানকে একদিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। শুক্রবার, ২৪ জুলাই বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. রাকিবুল হুদা আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আবেদনে মামলার মূল রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং এমপি নজরুল ও বাদী ওবায়দুরের ভাগ্নির ভাইরাল ভিডিও উদ্ধারে জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা বলা হয়। তবে আদালত রিমান্ড মঞ্জুর না করে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এজাহার অনুযায়ী, অনৈতিক সম্পর্ক ও ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে ১৪ জুলাই ওবায়দুর রহমানের ওপর হামলা হয়। অভিযোগে বলা হয়, তাকে লাঠি দিয়ে মারধর এবং গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে। এ মামলায় আমিনুর রহমানকে আগে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা মাসুম বিল্লাহ ও মোতাসসিম বিল্লাহ। আদালতকে ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।