ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম ও দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী এবং কাজী আমরীন সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নীল কমল পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ আবু সিএমএম আদালত ও জজ কোর্টের বিচারকদের সঙ্গে যোগসাজশে স্বর্ণ ব্যবসায়ী, মাদক কারবারি ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস ও সাজা কমানোর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। অভিযোগে আরও বলা হয়, এসব অর্থ বিদেশে পাচার করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করা হয়েছে।
অভিযোগের তদন্ত চলমান থাকায় আদালত মনে করেন, অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।