ইরানের জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মাজিদ হাকিম এলাহি বলেছেন, মুজতবা খামেনি সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন, যদিও তিনি জনসমক্ষে দেখা দিচ্ছেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এলাহি বলেন, নিরাপত্তাজনিত কারণেই মুজতবা গণমাধ্যমের সামনে আসেননি এবং তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে পরিচিত এলাহি জানান, গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট মুজতবা খামেনির সঙ্গে সাত থেকে আট ঘণ্টা বৈঠক করেছেন। তিনি বলেন, পার্লামেন্টের স্পিকারও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুজতবা তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অনুপস্থিত ছিলেন—এমন দাবিও নাকচ করেন এলাহি।
এলাহি বলেন, জানাজার সময় তিনি ইরানে ছিলেন এবং মুজতবার দুই ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছিল; মুজতবাও সেখানে উপস্থিত ছিলেন। তার দাবি, মুজতবা কখনো কখনো রাতে রাস্তায় বের হন এবং ইরানে সাধারণ মানুষের সমাবেশেও অংশ নিয়েছেন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের মধ্যে ইরান কে পরিচালনা করছে তা কেউ জানে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।