অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ বলেছে, স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনাটি পরিকল্পিত বলে তারা মনে করছে। তবে তারা ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে বর্ণনা করেছে এবং এ-সংক্রান্ত অন্য কোনো হুমকির তথ্য নেই বলে জানিয়েছে। ৬৫ বছর বয়সি হেইনস সোমবার ভিক্টোরিয়ার ওয়াঙ্গারাটায় নিজের কার্যালয়ের বাইরে আহত হন; স্থানটি মেলবোর্ন থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম জানায়, রাতভর অস্ত্রোপচারের পর হেইনসের একটি পা কেটে ফেলতে হয়েছে। তিনি মেলবোর্নের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। পুলিশ একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে এবং স্থানীয় প্রতিবেদনে চালককে ভিক্টোরিয়ার টারাওয়িঙ্গির ৪৩ বছর বয়সি ব্যক্তি বলা হয়েছে। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
সম্ভাব্য অভিযোগ নির্ধারণে ফেডারেল ও রাজ্য পুলিশ যৌথভাবে কাজ করছে। কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও বিবেচনায় আছে, যাতে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এক পথচারী হস্তক্ষেপের আগে গাড়িটি হেইনসকে দুবার ধাক্কা দেয়। ২০১৯ সাল থেকে ইন্ডি আসনের সদস্য হেইনস পরিবেশ সংরক্ষণ, রাজনৈতিক স্বচ্ছতা ও জোরালো জলবায়ু পদক্ষেপের পক্ষে পরিচিত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।